দেশের অন্যতম বৃষ্টিপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ৭২ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। লাগাতার বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি তাপমাত্রা কমে এখানে দেশের সর্বনিম্ন ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, গত ২৭ এপ্রিল সকাল ৬টা থেকে ২৯ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টায় মোট ২১৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর আগে দুই দিনে আরও ৮০ মিলিমিটার বৃষ্টি হওয়ায় গত চার দিনে মোট বৃষ্টিপাত দাঁড়িয়েছে ২৯৩ দশমিক ৬ মিলিমিটারে।
এদিকে টানা বর্ষণের পাশাপাশি ২৭ এপ্রিল রাত সোয়া ৯টার দিকে ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এতে পুরো উপজেলা প্রায় ২৪ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকে। বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন চলমান এসএসসি পরীক্ষার শিক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকায় ২৮ এপ্রিল পরীক্ষার্থীদের মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে, যা অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয় ব্যবসায়ী ও শ্রীমঙ্গল হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল ইসলাম বলেন, ‘আমি প্রায় ৪৭ বছর ধরে রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু চৈত্র-বৈশাখে এমন টানা ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়া আগে কখনো দেখিনি।’
এ বিষয়ে মন্তব্য নিতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, কারেন্ট না থাকলে কী করবে, মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
বিশেষ করে সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


