আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনগর ও শ্রীমঙ্গল সফরকে ঘিরে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সফরকে কেন্দ্র করে সম্ভাব্য জনসভাস্থল ও গুরুত্বপূর্ণ ভেন্যু পরিদর্শনে মাঠে নেমেছেন প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। নিরাপত্তা থেকে শুরু করে জনসমাগম ব্যবস্থাপনা—সবকিছুই এখন কড়া নজরদারিতে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টার পর প্রথমে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করা হয়। এরপর রাজনগর উপজেলার রাজনগর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন সংশ্লিষ্টরা। দুইটি ভেন্যুতেই জনসভার নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের প্রবেশ-প্রস্থান, মঞ্চ নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদসহ দলীয় নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জনসভা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, ১৭ জুনের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজনগর ও শ্রীমঙ্গলে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। আমরা আশা করি, এ কর্মসূচি এলাকার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন বলেন, জনসভাকে ঘিরে নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনার বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনকে ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি।
সব মিলিয়ে ১৭ জুনের এই সফরকে ঘিরে মৌলভীবাজারের রাজনগর-শ্রীমঙ্গল এখন পরিণত হয়েছে এক নজরকাড়া রাজনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতির কেন্দ্রে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন