মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা বাগান থেকে প্রায় ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপটি বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হলে সেটিকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ফুলবাড়ী চা বাগানের ১৭ নম্বর সেকশনে কর্মরত চা শ্রমিকরা একটি অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানালে ফুলবাড়ী চা বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমান আশিক মিয়া বন্যপ্রাণী উদ্ধারকাজে নিয়োজিত ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের (সিসিএ) সদস্যদের অবহিত করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হকের নির্দেশনায় সিসিএ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সদস্য চঞ্চল গোয়ালা জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। উদ্ধারকালে সাপটি অসুস্থ ও দুর্বল অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, এটি বেশ কিছুদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিল।
বর্তমানে সাপটি বন বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হওয়ার পর এটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

