মেহেরপুরের মুজিবনগরে ভোটকেন্দ্রের দিকে যাওয়ার পথে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াতের দুজনকে পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। আটক জামায়াত কর্মীরা হলেন শহিদুল ও আশরাফ হোসেন।
পুলিশ জানায়, ভোটকেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের দিকে যেতে বাধা দেওয়ার অভিযোগে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জামায়াতের দুজন কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।


