ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ যানবাহনের সংঘর্ষ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:২৩ পিএম
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কবলে পড়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ সিরাজদিখান অংশের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাঁসাড়া হাইওয়ে পুলিশ জানায়, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি বাস ও একটি কাভার্ডভ্যান একে অপরকে পেছন থেকে ধাক্কা দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে প্রায় আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

তিনি বলেন, আহতদের আঘাত গুরুতর নয়।

এটিএম মাহমুদুল হক বলেন, ঘন কুয়াশার মধ্যে চালকদের অসতর্কতা এবং বেপরোয়া গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চালকদের অধিক সতর্ক থেকে এবং গতি কমিয়ে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।