ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

পূর্ববিরোধে জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ভাঙচুর

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৭:১২ এএম
ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ-এর টংগিবাড়ী উপজেলায় পূর্ববিরোধ ও ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপাড় ও বিন্দুসার গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিন্দুসার এলাকার ইকবাল হোসেনের পক্ষ এবং পুলিন্দারপাড় এলাকার কামাল সাউদের পক্ষের মধ্যে ড্রেজার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বের সেই বিরোধের জেরে সম্প্রতি সংঘর্ষে ১০-১৫ জন আহত হন।

এর ধারাবাহিকতায় বুধবার রাতেও উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। এ সময় দুই গ্রামের মসজিদের মাইক ব্যবহার করে গ্রামবাসীকে সংঘর্ষে অংশ নেওয়ার আহ্বান জানানো হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষ চলাকালে টর্চলাইট জ্বালিয়ে কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানিয়েছেন টংগিবাড়ী থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু।