ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাড়া বাসার কক্ষ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০১:৪১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়ার পশ্চিম কান্দি এলাকায় একটি ভাড়া বাসার কক্ষ থেকে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫০ মিনিটে খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সকাল ১০টা ৫ মিনিটে সেখানে পৌঁছায়। পরে সকাল ১০টা ১০ মিনিটে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

উদ্ধারকর্মীরা মো. আরিফ হোসেনের বাড়ির একতলা ভবনের মূল ফটকের রড হাইড্রোলিক লক কাটারের মাধ্যমে কেটে ভেতরে প্রবেশ করেন।

এরপর হাইড্রোলিক ডোর ওপেনারের সাহায্যে ঘরের প্রধান দরজা খুলে একটি কক্ষে ঢুকে এক মধ্যবয়সী ব্যক্তিকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

পরে জানা যায়, নিহত ব্যক্তির নাম আব্দুল মালেক। তিনি ঠাকুরগাঁও জেলার শাহপাড়া গ্রামের মৃত একাব্বর হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি গজারিয়া উপজেলার আনোয়ার সিমেন্ট শিট কারখানায় কাজ করতেন।

জানা গেছে, ঘটনার আগের রাতে তিনি বাসায় একা ছিলেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ ও সময় নিশ্চিত হওয়া যাবে।

উদ্ধার কার্যক্রম শেষে মরদেহটি গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজাহারুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

এ বিষয়ে গজারিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

গজারিয়া থানার ওসি হাসান আলী জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।