ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:০৩ পিএম
শাহ শহীদ সারোয়ার।

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ারের অন্তর্বর্তীকালীন জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পূর্ণাঙ্গ জামিন শুনানির জন্য আগামী ২৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দলীয় সূত্র জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহ শহীদ সারোয়ার ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে ‘ঈগল’ প্রতীকে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কৃত হন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিজ্ঞ আদালত আসামির অন্তর্বর্তীকালীন জামিন আবেদন নামঞ্জুর করে পূর্ণাঙ্গ শুনানির জন্য ২৮ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন।’

তিনি আরও বলেন, ‘গত ২১ ডিসেম্বর ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন শাহ শহীদ সারোয়ার। সে সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

সূত্র জানায়, চলতি বছরের ১৫ এপ্রিল বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মো. আমীর হোসেন নামের এক ব্যক্তি ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর দেবপুর গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে চলতি বছরের ২৩ জুন আদালতের নির্দেশে ফুলপুর থানা পুলিশ মামলাটি এফআইআরভুক্ত করে। এ ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ঘটনার দিন ফুলপুর পৌর এলাকায় শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে মামলার আসামিরা বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং ককটেল ও গুলিবর্ষণ করে। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।