ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়াও পৌর শহরের প্রধান প্রধান সড়কে অন্তত ১০ স্থানে আগুন দেওয়া হয়। একই সাথে পৌর শহরের সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রেললাইনে আগুন দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল আপাতত বন্ধ।
শনিবার (২৭ ডিসেম্বরে) বিকাল সাড়ে ৩টার দিকে গফরগাঁও উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিংয়ে আগুন ও পৌর শহরের বিভিন্ন এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই সাথে আতঙ্কে গফরগাঁও পৌর শহরের ব্যবসায়ীরা সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়।
গফরগাঁও রেলওয়ে থানার উপপরিদর্শক আবুল বাশার বলেন, রেললাইনের আগুন দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।
গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর শহরের কয়েক স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে আছে। তারা বিষয়টি দেখছেন।
এর আগে, শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুণ ইসলাম আলমগীয় ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে মো. আক্তারুজ্জামান বাচ্চুকে প্রার্থী ঘোষণা করেন। এরপর থেকেই গফগাঁওয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

