ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি- সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

নিহত নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন দৈনিক রূপালী বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। উদ্বোধন শেষে ফিরে আসার সময় বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থক ফরহাদ, আজহারুল, শাহজাহান মেম্বার, আদম আলীসহ কয়েকজন হঠাৎ হামলা চালায়। এ সময় নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেন, ‘আমাদের অফিস উদ্বোধন করে বের হওয়ার সময় প্রিন্স ভাইয়ের লোকজন পেছন থেকে অতর্কিত হামলা চালায়। হামলায় ফরহাদ, আজহারুল, শাহজাহান মেম্বার ও আদম আলী নজরুল ইসলামকে আটকে ছুরিকাঘাত করে। পরে তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। আমার কর্মী নজরুল ইসলামকে হত্যার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমি হালুয়াঘাটে আছি, বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত নই। তবে প্রাথমিকভাবে যেটুকু শুনেছি, এটি তাদের পারিবারিক কোনো সমস্যাজনিত ঝামেলা। এটিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুলা ভাই ও বোন জামাই পাশাপাশি বাড়িতে থাকেন এবং তাদের মধ্যে আগে থেকেই সমস্যা ছিল। যে মারধর করেছে, সে আগে আমাদের দলের সমর্থক ছিল। তবে ঘটনা যদি এ রকম হয়ে থাকে, আমরা ব্যবস্থা নেব।’

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সন্ধ্যার পর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে একজন নিহত হন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শুনেছি বিএনপি মনোনীত প্রার্থী এমরান সালেহ প্রিন্স ও স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।’