ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় মিনি ট্রাকের চাপায় জাহানারা আক্তার (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের থানার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা আক্তার উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাবরের বোর্ড বাজার এলাকার মৃত আনসারুলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত জাহানারা আক্তার ইসলামি ব্যাংকে এসেছিলেন টাকা উত্তোলনের জন্য। ব্যাংকের কাজ শেষ করে ফেরার পথে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের থানার মোড় এলাকায় রাস্তা পারাপারের চেষ্টা করেছিলেন।
এ সময় দ্রুতগতির মিনি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মেহেদী মাসুদ বলেন, গাড়ির ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন। নিহতের মরদেহ হাইওয়ে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন