ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘কুপিয়ে কলিজা বের করে দেখব, কত বড় হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:৩৬ পিএম
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচার করায় মো. মামুন আল আমিন নামে ছাত্রদলকর্মীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় মামুন আল আমিন স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ তায়েবুর রহমান হিরণের (ঘোড়া প্রতীক) নামে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

মামুন আল আমিন উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেংগা গ্রামের নোয়াব আলীর ছেলে ও ছাত্রদলকর্মী। রোববার (০১ ফেব্রুয়ারি) গৌরীপুর থানার ওসি কামরুর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগ হাতে পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, শনিবার বিকেলে গৌরীপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রদলকর্মী মামুন আল আমিন।

অভিযোগে উল্লেখ করা হয়, আমি (মামুন আল আমিন) ময়মনসিংহ-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের পক্ষে প্রচার করছি। ঘটনার দিন (২৯ জানুয়ারি) দুপুরে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ তায়েবুর রহমান হিরণ আমাকে মোবাইলে ফোন করে হত্যার হুমকি দেন। তিনি (হিরণ) আমাকে বলেন, ‘তোকে কুপিয়ে চাক চাক করে কলিজাটা বের করে দেখব, তা কত বড় হয়েছে এবং তুই যে দেশেই থাকিস না কেন তোকে খুঁজে বের করে কুপিয়ে কুপিয়ে হত্যা করব।’ এই কথাটি তিনি বারবার বলে তিনি হুমকি দেন। তিনি আমাকে ওই দিনই গৌরীপুর ছেড়ে চলে যেতে বলেন—অন্যথায় আমাকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে।

পরদিন ৩০ জানুয়ারি মধ্যরাতে স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ তায়েবুর রহমান হিরণের সহোদর ছোট ভাই (শুভ্র হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি) মাসুদ পারভেজ কার্জন ছাত্রদলকর্মী মামুন আল আমিনের মোবাইল নম্বরে ফোন করে। কিন্তু তিনি ঘুমিয়ে থাকার কারণে রিসিভ করতে পারেননি। পরবর্তীতে আরেকটি মোবাইল নম্বর থেকে মামুন আল আমিন কল ব্যাক করলে মাসুদ পারভেজ কার্জন তাকে হুমকি দিয়ে বলেন, ‘তোর একটা পা ধরে আরেকটা পা টান দিয়ে ছিড়ে ফেলব’ এবং আরও বিভিন্নভাবে হুমকি দেন।

মামুন আল-আমিন বলেন, ‘আমি শুধু ধানের শীষের পক্ষে শান্তিপূর্ণভাবে প্রচার চালাচ্ছি। এজন্য আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।’

এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ তায়েবুর রহমান হিরণের নম্বরে ফোন করলে সেটি বন্ধ দেখায়। তবে, তার সহোদর ছোট ভাই মাসুদ পারভেজ কার্জন বলেন, মামুন আল আমিনের সাথে কথা হয়েছে। তাকে কোনো হুমকি দেইনি।

গৌরীপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফিয়া আমীন পান্না বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে অবগত করা হয়েছে।