আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ ময়মনসিংহ সফর করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সফরকালে সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সার্বিক নিরাপত্তা প্রস্তুতি এবং দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত প্রস্তাবিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি বোর্ড মিটিংয়েও অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া; মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার; সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; সেনাসদর ও ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

