ময়মনসিংহের নান্দাইলে মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুকন উদ্দিন ব্যাপারী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুকন উদ্দিন ব্যাপারী একই গ্রামের মাইজ উদ্দীনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রুকন উদ্দিন ব্যাপারী একজন কৃষক ছিলেন। কৃষিকাজের পাশাপাশি তিনি গ্রামের বাজারে নিয়মিত শাক-সবজি বিক্রি করতেন।
সকাল ৮টার দিকে তিনি পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটর নিয়ে কৃষিজমিতে যান। মোটরে বিদ্যুৎসংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পাশের জমির কৃষকরা বিষয়টি টের পেয়ে তার পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুকন উদ্দিন মারা যান।
নান্দাইল মডেল থানার ওসি মো. আল আমীন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের ভিত্তিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


