ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

একই সময়ে সমাবেশ, গৌরীপুরে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:৩৬ এএম
গৌরীপুর পৌরসভা। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ-৩ আসনে নির্বাচনি সমাবেশকে কেন্দ্র করে গৌরীপুর পৌরসভার ভেতরে সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টায় গৌরীপুর ইউএনওর ফেসবুক আইডি থেকে এই তথ্য জানানো হয়।

সূত্র জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) গৌরীপুর পৌর শহরের মধ্য বাজার ধানমহাল বটতলায় স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ নির্বাচনি সমাবেশ ডাকেন।

একই দিনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন পৌর শহরের পাটবাজারে অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনি সমাবেশের আয়োজন করেন।

উপজেলা প্রশাসনের দৃষ্টি গেলে একই দিনে একই সময়ে দুই পক্ষের সমাবেশের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করেন এবং ফেসবুক আইডিতে পোস্ট করে বিষয়টি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, দুই পক্ষ একই সময়ে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি জানতে পেরে দুই পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।