ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ভোটের দাগ আঙুল থেকে উঠার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভোটের দাগ আঙুল থেকে উঠার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন শুরু করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, প্রতিশ্রুতি যা দেয় তা বাস্তবায়ন করে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নে সিংড়ার খালের কাজলকোঠা বিল থেকে বাদে কলমোহনা পর্যন্ত (৫.৮ কিমি) খনন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন উপজেলায় এটি শুরু করা হচ্ছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যেসব প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, তা একের পর এক বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। কৃষক কার্ড অচিরেই চালু হবে। ইমাম ও মুয়াজ্জিনদের জন্য যে ভাতা, তা পর্যায়ক্রমে শুরু করা হচ্ছে এবং পাইলট প্রকল্প চলমান আছে।’

এর আগে প্রতিমন্ত্রী খাল খননের নামফলক উন্মোচন করেন এবং খালপাড়ে বৃক্ষরোপণ করেন। ৫ জাতের দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় সকল অতিথি কোদাল দিয়ে মাটি কাটেন।

খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা আসনের এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু, সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন: ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মুক্তাগাছা উপজেলার সাবেক সাংসদ আবু রেজা ফজলুল হক বাবলু, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, বাঁশাটি ইউপি প্রশাসক ও উপজেলা পিআইও সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।