ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাঠিয়ামারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে অষ্টমী মেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, অষ্টমীর স্নানকে ঘিরে প্রতি বছর উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাঠিয়ামারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে অষ্টমীর মেলা বসে। আর মেলার পাশেই গোপনে জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত ৫ জন আহত হন।
স্থানীয়রা জানান, মেলা থেকে কিছুটা দূরে ব্রহ্মপুত্র নদের তীরে জুয়া খেলার বোর্ড বসানো হয়। এ নিয়ে রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া ও লাঠিয়ামারি এলাকার কয়েকজন যুবকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষে আহত ৫ জনের মধ্যে মো. জুয়েল মিয়া (২৩) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে পাঠানো হয়েছে বলে জানা গেছে। অপর আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। তবে সেটি মূল মেলা প্রাঙ্গণ থেকে কিছুটা দূরে। জুয়েল নামে এক যুবক আহত হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মেলায় জুয়ার বোর্ড বসানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ বছরও জুয়ার আসর বসানোর চেষ্টা হলে থানা-পুলিশের সহযোগিতায় তা বন্ধ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি জুয়া খেলাকে কেন্দ্র করে নয়। অষ্টমী স্নানে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন