ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধারের ৫ হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৪:৫৬ পিএম
স্বজনদের আহাজারি। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের মুক্তাগাছায় ধারের ৫ হাজার টাকা নিয়ে বিবাদকে কেন্দ্র করে এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার জগন্নাথবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভাঙারি ব্যবসায়ী লোকমান হোসেন (৬৫) উপজেলার প্রান্নাতবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসা করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজ উদ্দিন তার চাচাতো বোন পারুল আক্তারের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন। ওই টাকা ফেরত দেওয়া নিয়ে বুধবার দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে লোকমান হোসেন তার ছেলে নাজমুল হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি টাকা পরিশোধের আশ্বাস দেন। কিন্তু এতে আশ্বস্ত হতে না পেরে পারুল আক্তার তার লোকজনকে সঙ্গে করে লাঠিসোঁটা নিয়ে লোকমান হোসেন ও তার ছেলের ওপর হামলা চালায়। এতে লোকমান হোসেন ঘটনাস্থলেই মারা যান। হামলায় তার ছেলে নাজমুল হোসেনও গুরুতর আহত হয়েছেন। 

পুলিশ বৃহস্পতিবার দুপুরে মরদরহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) জুলুস খান পাঠান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।