ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহে ১ লাখ ৬৫ হাজার ৭৫০ শিশুকে দেওয়া হবে হামের টিকা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৬:১৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ সিটি করপোরেশনসহ সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় ১ লাখ ৬৫ হাজার ৭৫০ জন শিশুর মাঝে হামের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে হামের প্রাদুর্ভাব রুখতে সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

উদ্বোধন শেষে তিনি বলেন, ‘হামের টিকা পেতে কাউকে ভোগান্তি পোহাতে হবে না। স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের দোরগোড়ায় টিকা পৌঁছে দেবে। হামের টিকা প্রদানে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী।’

তিনি আরও বলেন, ‘টিকাদান কার্যক্রম সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। শিশুদের টিকা দিতে মানুষের মাঝে আগ্রহ রয়েছে। সবার সহযোগিতায় সুন্দরভাবে টিকাদান কর্মসূচি সফল করতে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ বলেন, ‘ময়মনসিংহ নগরীর ৫৮ হাজার ৬৬৮ শিশুকে হামের বিশেষ এই টিকা দেওয়া হবে। ৭০টি কেন্দ্রে নগরীতে হামের টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

টিকা পেয়ে খুশি হয়েছেন শিশুদের অভিভাবকরা। শারমিন আক্তার নামে একজন বলেন, ‘যে হারে হামের প্রকোপ বাড়ছে, তাতে আমরা খুব আতঙ্কিত। তবে সন্তানকে টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে।’

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সিটি করপোরেশন এলাকা ছাড়াও ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলপুর এই তিন উপজেলায় ১ লাখ ৬৫ হাজার ৭৫০ জন শিশুকে হামের টিকা প্রদান করা হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গে মারা গেছে ১২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জন এবং মোট ভর্তি আছে ৭৩ শিশু। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে ৩৯৭ শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১২ শিশু।