নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎ সংকট মোকাবিলার জন্য অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দিয়েছে সরকার। এতে বিদ্যমান ঘাটতি পূরণের পাশাপাশি লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. আতিকুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মো. আতিকুজ্জামান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, ‘নান্দাইল উপজেলায় পূর্বে ৪৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ ছিল। এতে নিয়মিত লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুৎ কষ্টে ভুগছিলেন স্থানীয় বাসিন্দারা। তবে সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী স্থানীয় জনসাধারণের বিদ্যুৎ কষ্ট লাঘবে অতিরিক্ত বরাদ্দ চেয়ে ডিও লেটার প্রদান করেন। মূলত ওই আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দিয়েছে। এতে উপজেলার বিদ্যুৎ ঘাটতি কমে আসবে এবং লোডশেডিং হ্রাস পাবে।’
এ ঘটনায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ বার্তা দিয়ে তিনি লেখেন, নান্দাইলবাসীর বিদ্যুতের কষ্ট লাঘবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছিলাম। নান্দাইলবাসীর চাহিদাকে গুরুত্ব দিয়ে ৭ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়েছে। এতে মোট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ এখন নান্দাইলের জন্য বরাদ্দ থাকবে। ফলে লোডশেডিং অনেকাংশেই কমে যাবে।
তিনি আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী বাংলার প্রতিটি ঘরে আলোর বার্তা পৌঁছে দিচ্ছেন, তেমনি আজ আমার নান্দাইলবাসীকেও সেই আলোর অংশীদার করলেন। এতে নান্দাইলের বিদ্যুৎ সমস্যার সম্পূর্ণ সমাধান হওয়ায় সকল মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় নতুন গতির সঞ্চার করবে বলে আমি আশাবাদী।’
এদিকে প্রতিমন্ত্রীর ওই পোস্টে মাত্র এক ঘণ্টায় রিঅ্যাক্ট জানিয়েছেন ৭৬৮ জন নেটিজেন। এছাড়াও কমেন্ট করেছেন ২৭০ জন এবং পোস্টটি শেয়ার করেছেন ১৬৭ জন ব্যক্তি। এর মধ্যে উপজেলার বিদ্যুৎ ঘাটতি পূরণে ভূমিকা রাখায় প্রতিমন্ত্রীর প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু খায়ের বাবুল। তিনি এ ঘটনায় শুকরিয়া জ্ঞাপন করেন।



