ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট ২৩ শিশুর মৃত্যু হলো।
রোগীর অতিরিক্ত চাপের কারণে হাম আইসোলেশন ওয়ার্ডে চরম ভোগান্তিতে পড়ছেন শিশুর স্বজনরা। প্রয়োজনীয় ওষুধ হাসপাতাল থেকে না পেয়ে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন তারা, যা নিয়ে স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে রোববার (৩ মে) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়। এ সময়ে নতুন করে ৩০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮২ শিশু।
মারা যাওয়া শিশুটি ৯ মাস বয়সি এবং জেলার ফুলপুর উপজেলার বাসিন্দা। গত ২৮ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
রোববার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ১ হাজার ৪৬ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৯৪১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এবং ২৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩০ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
আইসিইউ সংকটসহ নানা দুর্ভোগের কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা। শফিকুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, আইসিইউ ও বেড সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক সময় ওষুধও বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।
ডলি আক্তার নামে এক শিশুর মা বলেন, শ্বাসকষ্ট বেড়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর শিশুকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু ক্যানুলা থেকে শুরু করে সব ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, আইসোলেশন ওয়ার্ডে ৬৪টি বেড থাকলেও অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় মেঝেতে স্থান দিতে হচ্ছে। এতে কিছুটা ভোগান্তি হচ্ছে। ওষুধ সরবরাহ কম থাকায় কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।


