নতুন মোটরসাইকেল কিনতে দুই মামা-ভাগ্নে মিলে যান ময়মনসিংহের ভালুকায়। সেখান থেকে ফেরার পথে জেলার নান্দাইলে বাহাদুরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় স্কুলছাত্র ভাগ্নের। গুরুতর আহত হন মামা।
রোববার (১০ মে) রাত ৯টার দিকে উপজেলার কানারামপুর-মধুপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম শুভ (১৪)। সে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের রিপন মিয়ার ছেলে।
আহত মামার নাম পরশ (১৬)। সে এসএসসি পরীক্ষা দিচ্ছে। অন্যদিকে নিহত শুভ সাইমা শাহজাহান একাডেমিতে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুভ ও তার মামা পরশ মিলে রোববার দুপুরের পর ভালুকা যায়। সেখানে এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৪৪ হাজার টাকায় একটি মোটরসাইকেল কেনে।
সেখান থেকে দুইজন ফেরার পথে রাত ৯টার দিকে নান্দাইল উপজেলার কানারামপুর-মধুপুর সড়কের বাহাদুরপুর নামক স্থানে পৌঁছালে সড়কে রাখা খড়ের স্তূপের সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হয়। পরে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে নান্দাইল হাসপাতালে পাঠায়। সেখানে শুভকে মৃত ঘোষণা করা হয়।
অন্যদিকে সাইমা শাহজাহান একাডেমিতে অষ্টম শ্রেণিতে পড়ত শুভ। বেশ কিছুদিন ধরে পরশ একটি মোটরসাইকেল কিনতে বায়না ধরে। পরিবার বাধ্য হয়ে মোটরসাইকেল কিনতে সায় দেয়।
এ অবস্থায় রোববার টাকা নিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলায় যায়। বিকেলে মোটরসাইকেল কিনে ফিরছে বলে পরিবারকে ফোন দেয়। এর মধ্যেই রাত ৯টায় দুর্ঘটনার খবর পায় পরিবার।
এ বিষয়ে নান্দাইল থানার ওসি আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন