ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুকে রহস্যময় পোস্ট দেওয়ার ৭ ঘণ্টা পর মিলল ছাত্রদল নেতার মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দেওয়ার প্রায় সাত ঘণ্টা পর বিজয় পাল (২৭) নামে এক ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার পালবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজয় পাল ওই এলাকার সুধাংশু চন্দ্র পালের ছেলে এবং ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ফুলপুর থানার ওসি মো. ফিরোজ আহমেদ জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় নয় মাস আগে পারিবারিকভাবে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বেঙ্গালা এলাকার প্রীতি পালের সঙ্গে বিজয় পালের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

স্বজনদের দাবি, বিজয় মাদকাসক্ত, আর্থিক সংকট ও মানসিক চাপে ভুগছিলেন। দেড় মাস আগে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী প্রীতি পাল অভিমান করে বাবার বাড়িতে চলে যান এবং সেখানেই অবস্থান করছিলেন।

সোমবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান বিজয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মো. ফিরোজ আহমেদ জানান, মৃত্যুর প্রায় সাত ঘণ্টা আগে বিজয় পাল নিজের ফেসবুক আইডিতে লিখেছিলেন, ‘আমি জেনে বা না বুঝে আপনাদের মনে কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি, তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দিবেন।’ পোস্টটি কাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় নিহতের বাবা সুধাংশু পাল বাদী হয়ে ফুলপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।