ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রূপগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বড় আমদিয়া মৌজায় ১৭ শতাংশ জমি জোরপূর্বক দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নির্মাণকাজ বন্ধ করে দেয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রূপগঞ্জের কাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আলী নেওয়াজ দাবি করেন, তিনি বড় আমদিয়া মৌজার ১৭ শতাংশ জমির বৈধ ক্রেতা। মঙ্গলবার সকালে হেলাল নামে এক ব্যক্তির পক্ষে সুলতান মাহমুদ লোকজন নিয়ে সেখানে গিয়ে বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। অভিযোগ রয়েছে, পুলিশের পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলেও তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় আলী নেওয়াজের পক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ উভয় পক্ষকে শান্ত করে বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ বন্ধ রাখে।

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা সুলতান মাহমুদ বলেন, হেলাল আমার সম্পর্কে চাচা হন। তিনি প্রায় ১০ বছর আগে জমিটি কিনেছেন, কিন্তু এতদিন দখল নিতে পারেননি। তিনি আমার কাছে সহযোগিতা চাইলে আমি লোকজন নিয়ে গিয়ে তার জমি বুঝিয়ে দিয়েছি। এখানে কোনো জোরপূর্বক দখলের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, জমির দাবিদার হেলাল মুঠোফোনে বলেন, আমার ক্রয়কৃত জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য সুলতান মাহমুদের সহযোগিতা নিয়েছি।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নির্মাণকাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।