কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফুলখা এলাকায় সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জান্নাত (৪৫) ডাংঘাট গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জান্নাত। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।


