গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) জিএমপি পুলিশ সদর দপ্তরে দুই দফায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, অনুদঘাটিত মামলা দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সকাল ১১টায় জিএমপি সদর দপ্তরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
সভায় জিএমপির বিভিন্ন ইউনিটে কর্মরত সব স্তরের পুলিশ সদস্যরা ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সমস্যা, আবেদন এবং কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ কমিশনার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং উপস্থাপিত সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
কল্যাণ সভায় বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা জিএমপির অন্যতম অগ্রাধিকার। একটি কল্যাণমুখী কর্মপরিবেশ গড়ে তুলতে প্রশাসন সবসময় আন্তরিক থাকবে। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে পালনের আহ্বান জানিয়ে বলেন, জনগণ যাতে কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা পায়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
এরপর দুপুর ১২টায় জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন থানার অপরাধপ্রবণতা, চলমান মামলা, ওয়ারেন্ট তামিলের অগ্রগতি, মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে গৃহীত কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। তিনি অনুদঘাটিত মামলাগুলো দ্রুত উদঘাটন ও নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে তদারকির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় অপরাধ দমন, তদন্ত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার। তিনি তাদের এ সাফল্যকে অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভার মাধ্যমে পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি মহানগরবাসীকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে জিএমপির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


