ময়মনসিংহের গফরগাঁওয়ে দাঁড়িয়ে থাকা পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর সপ্তাহখানেক আগে একই গাড়ির চালক জামাল উদ্দিনের খেতে কেটে রাখা ৩৮ শতাংশ জমির ধান পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়আনী রসুলপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ওই দিন রাতে গাড়ির মালিক জামাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, রসুলপুর এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন রাত একটার দিকে বাড়ির পাশের খালি জায়গায় পিকআপ রেখে ঘুমাতে যান। রাত তিনটার দিকে এক মহিলা এসে জানান, তার পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পিকআপের ভেতরের গ্লাস, সিটসহ অন্যান্য যন্ত্রাংশ পুড়ে যায়। এ সময় গাড়িটির পাশ থেকে গ্যাসের ছোট ছোট কয়েকটি সিলিন্ডার পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এক সপ্তাহ আগে গাড়ির মালিক জামাল উদ্দিনের কেটে রাখা ধানের গাদায় আগুন দেওয়া হয়। এতে ৩৮ শতাংশ জমির ধান পুড়ে ছাই হয়ে যায়।
গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় গাড়ির মালিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন।’
তিনি জানান, গত এক সপ্তাহ পূর্বে গাড়ির মালিকের কেটে রাখা ধানে আগুন দেওয়া হয়েছিল। দুটি ঘটনারই তদন্ত চলছে।



