নওগাঁর রাণীনগরে আগুনে দগ্ধ বাসন্তী রানী (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার হরিপুর গ্রামে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত বাসন্তী রানী হরিপুর গ্রামের প্রবাসী উৎপল চন্দ্রের স্ত্রী। গৃহবধূ বাসন্তীর মৃত্যু ঘিরে নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনা চলছে। বাসন্তী রানীর স্বজনদের দাবি, তাকে হত্যার পর আগুনে পুড়ে দগ্ধ করা হয়েছে।
বাসন্তী রানীর শ্বশুর কৃষ্ণবন্ধু ওরফে মুন্টু জানান, সোমবার সকালে ক্ষেতে আলু তোলার জন্য আমরা সবাই চলে যাই। বাড়িতে শুধুমাত্র বউমা (বাসন্তী) একাই ছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে আলু রাখার জন্য বস্তা নিয়ে আসার কথা বলে বউমার ফোনে একাধিকবার ফোন দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি। ফলে মাঠ থেকে বাড়িতে এসে দেখতে পান চুলার পাশে বউমার শরীর আগুনে জ্বলছে।
এ সময় প্রতিবেশীদের ডাক দিলে তারা দৌঁড়ে ছুটে আসে। কিন্তু তখন বউমার শরীর পুরোটা আগুনে পুড়ে দগ্ধ হয়ে ঝলসে গেছে। তিনি ধারণা করেন, হয়তো চুলায় খড়ি দিয়ে ভাত গরম করার সময় আগুন ধরে পুড়ে মারা গেছে।
বাসন্তীর ছোট বোন লক্ষী রানী বলেন, কয়েক মাস আগে বাসন্তীর শ্বাশুড়ী মারা গেছেন। মাত্র তিন বছরের এক কণ্যা শিশু নিয়ে শ্বশুড়ের সাথে বাড়িতে থাকতেন বাসন্তী। তার স্বামী উৎপল কুয়েতে থাকেন। তার সাথে পারিবারিক নানা বিষয় নিয়ে বনি-বনা হতো।
প্রায় মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হতো। তাই অতিষ্ঠ হয়ে রোববার মোবাইল ফোনে জানিয়েছিলেন বাবার বাড়িতে নিয়ে যাবার কথা। অথচ আজ তার মরদেহ দেখছি।
বাসন্তীর মামা গোপেস চন্দ্র বলেন, আমার ভাগনী আগুনে পুড়ে মারা যায়নি। তাকে হয়তো হত্যার পর আগুনে পোড়ানো হয়েছে। মানুষের শরীরে আগুন ধরলে নানাভাবে বাঁচার চেষ্টা করে।
অথচ যেভাবে মরদেহ আগুনে দগ্ধ হয়ে পড়ে আছে, তাতে বাঁচার জন্য বিন্দুমাত্র চেষ্টা বা ছটফট করার কোনো আলামত দেখা যাচ্ছে না। তাই বিষয়টি ভালোভাবে ক্ষতিয়ে দেখতে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর ঘটনাটি উদঘাটনের দাবি করছি।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু চন্দ্র পাল জানান, আগুনে দগ্ধ হয়ে পোড়া বাসন্তীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি আরও ভালোভাবে সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।


