নওগাঁর ধামইরহাট উপজেলায় মসজিদে দরজা লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে ফিরোজ মাহমুদ (৪৫) নামে একজন সাবেক সেনা সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আহত অবস্থায় বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনায় ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুর এলাকার মৃত ইয়াকুব আলী মন্ডলের ছেলে সাবেক সেনা সদস্য ফিরোজ মাহমুদের নেতৃত্বে কয়েকজন মিস্ত্রি মিলে ওই এলাকার মসজিদে দরজা লাগানোর কাজ চলছিল। এমন সময়ে একই এলাকার আতোয়ার হোসেন (৫৫) ও তার ভাই আলী আকবর (৪০), আইয়ুব আলী (৩৬) মিলে মসজিদে চলমান কাজে বাধা প্রদান করেন।
পরে সেনা সদস্য ফিরোজ কাজে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে একপর্যায়ে তারা উভয়ে মিলে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট ফিরোজ মাহমুদের ওপর হামলা করেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। সেখান থেকে তাকে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় তিনি পাঁচজনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ধামইরহাট থানার সাব ইন্সপেক্টর মো. রায়হান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।


