নওগাঁর বদলগাছীতে ঝড়ের তাণ্ডবে একটি বিশাল আমগাছ ভেঙে আনসার ক্যাম্পের একটি ভবনের ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ সময় গাছের আঘাতে দুই আনসার সদস্য আহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার আনসার ক্যাম্প প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আনসার অফিস সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করেই আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় দমকা হাওয়া ও ঝোড়ো বাতাস। ঝড়ের একপর্যায়ে ক্যাম্প প্রাঙ্গণে বহু বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি বড় ও পুরোনো আমগাছ হঠাৎ ভেঙে টিনশেড ভবনের ওপর আছড়ে পড়ে। এতে ভবনের টিনের ছাদ ও দেয়ালের একটি অংশ ধসে পড়ে। ভেতরে থাকা আসবাবপত্র, প্রায় ১২ মণ চাল, পোশাকসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সময় ভবনের ভেতরে দায়িত্ব পালনরত দুই আনসার সদস্য গাছ ভেঙে ভবনের ওপর পড়লে আহত হন। পরে ক্যাম্পে থাকা অন্য সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে। আহত দুই সদস্য বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঝড়ে গাছ ভেঙে পড়ার ঘটনায় ক্যাম্পের একটি কক্ষ প্রায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের টিন, বৈদ্যুতিক ফ্যানসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে পড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। ঘটনার পরপরই ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
আনসার সদস্য মিনহাজ জানান, ‘আমরা তখন ঘুমিয়ে ছিলাম। ঝড়-বৃষ্টি শুরু হলে ঘুম ভেঙে যায়। হঠাৎ বিকট শব্দে দেখি একটি বড় আমগাছ আমাদের রুমের ওপর ভেঙে পড়ে। এতে আমাদের দুজন সদস্য আহত হন। রুমের দেয়াল ভেঙে আসবাবপত্রসহ অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আনসার ক্যাম্প ইনচার্জ কামাল হোসেন বলেন, ‘আল্লাহ আমাদের হেফাজত করেছেন। আমরা সবসময় সরকারের দায়িত্ব পালনে নিয়োজিত থাকি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের রাতে থাকার মতো ভালো মানের কোনো ভবন নেই। সরকারের কাছে আমাদের দাবি—একটি মানসম্মত আবাসিক ভবন নির্মাণ করে দেওয়া হোক।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি, পরিস্থিতি বেশ ভয়াবহ। আমরা আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, ‘ঝড়ে আমগাছ ভেঙে আনসার ক্যাম্পে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুই সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। ক্ষতিগ্রস্ত ভবনটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।’

