ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভ্যানচালক হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি আটক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁর বদলগাছীতে ভ্যানচালক মিঠু হোসেন (৪৩) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত প্রধান আসামি মো. রিফাত হোসেনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত মূল আসামি উপজেলার পাত্রাবাড়ী গ্রামের লুৎফর রহমান বাবুর ছেলে রিফাত হোসেন (২০)। নিহতের সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল রাতে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের জিয়া শিমুলিয়া এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, নিহত ব্যক্তি উপজেলার সত্যপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে ভ্যানচালক মিঠু হোসেন (৪৩)। এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

হত্যাকাণ্ডের পর নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ দল গঠন করা হয়। ঘটনার পাঁচ দিন পর পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকার আশুলিয়া থানার কুড়গাঁও এলাকা থেকে আসামি রিফাত হোসেনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত হোসেন পুলিশের কাছে স্বীকার করেন, ঘটনার রাতে তিনি মিঠুর ভ্যানে চড়ে বাড়ি যাচ্ছিলেন। মিঠু ভ্যান চালাচ্ছিলেন এবং রিফাত পেছনের সিটে বসেছিলেন। পূর্বশত্রুতার জেরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে রিফাত ভ্যানচালক মিঠুকে ভ্যান থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অভিযুক্ত রিফাত হত্যাকাণ্ডের পর নওগাঁ থেকে রাজশাহী হয়ে ঢাকায় গিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বদলগাছী থানার ওসি রুহুল আমিন বলেন, ঘটনার পাঁচ দিন পর ভ্যানচালক মিঠু হত্যার রহস্য উদঘাটন হলো। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।