ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বন্যাকবলিত এলাকায় না গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে গেছেন প্রধানমন্ত্রী : নাসীরুদ্দীন পাটওয়ারী

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বন্যাকবলিত এলাকার পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ ও গবাদিপশু বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও প্রধানমন্ত্রী দুর্গত এলাকায় না গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নওগাঁর বদলগাছী ডাকবাংলা মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মানুষ প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছে দেশের সংস্কার বাস্তবায়ন, বিচার নিশ্চিত করা এবং বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বর্তমান পরিস্থিতিতে সরকারের অগ্রাধিকার হওয়া উচিত ছিল দুর্গত মানুষের পাশে থাকা।

এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী সাঁতার কেটে বা ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। সরকার চাইলে একদিন পরীক্ষা স্থগিত করা বা বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার মতো ব্যবস্থা করতে পারত। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি সরকারের শিক্ষা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, মাঠপর্যায়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া উচিত ছিল।

এছাড়া তিনি রাজনৈতিক প্রসঙ্গ টেনে অতীতের ‘হাওয়া ভবন’-এর সঙ্গে তুলনা করে অভিযোগ করেন, বর্তমানে একটি নতুন ক্ষমতাকেন্দ্র গড়ে উঠেছে। তার দাবি, উচ্ছৃঙ্খল ব্যক্তিদের হাতে রাষ্ট্র পরিচালনা নিরাপদ নয়। স্বাস্থ্য, শিক্ষা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে সৎ ও যোগ্য তরুণদের নেতৃত্বে আনার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।