ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালনের সুযোগ হারানোর কয়েক সপ্তাহ পরই মাত্র ৩৮ বছর বয়সে মারা গেলেন ডাচ রেফারি রব ডিপেরিঙ্ক। আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে কাজ করার অপেক্ষায় থাকা এই রেফারির আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে নেদারল্যান্ডসের ফুটবল অঙ্গনে।
ডিপেরিঙ্কের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ রেফারির পাশাপাশি তারা একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারিয়েছে। তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে সংস্থাটি।
চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পাওয়ার কথা ছিল ডিপেরিঙ্কের। তিনি ভিএআর ড্যানি মাকিলির দলের সদস্য হিসেবে কাজ করার জন্য নির্বাচিত হয়েছিলেন। তবে বিশ্বকাপ শুরুর আগে তার সেই সুযোগ থেমে যায়।
এর আগে লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগের পর ফিফা তাকে বিশ্বকাপ রেফারি প্যানেল থেকে সাময়িকভাবে সরিয়ে দেয়। পরে ব্রিটিশ পুলিশ পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তদন্ত বন্ধ করে দেয় এবং তার বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
মামলা থেকে মুক্ত হওয়ার পর ডিপেরিঙ্ক জানিয়েছিলেন, মিথ্যা অভিযোগের অভিজ্ঞতা তার জন্য অত্যন্ত কঠিন ছিল। তিনি বলেছিলেন, তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং শুরু থেকেই ফিফা ও উয়েফাকে বিষয়টি অবহিত করেছিলেন। তবে তদন্ত শেষ হওয়ার পরও বিশ্বকাপের দায়িত্ব থেকে বাদ পড়ায় তিনি হতাশ হয়েছিলেন।
ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন শুরু থেকেই ডিপেরিঙ্কের পাশে ছিল। ব্রিটিশ পুলিশের তদন্ত শেষ হওয়ার পর তারা তাকে নির্দোষ হিসেবে বিবেচনা করে এবং ঘরোয়া ফুটবলে তার ওপর থাকা নিষেধাজ্ঞাও তুলে নেয়।
২০১৭ সালে নেদারল্যান্ডসের শীর্ষ ফুটবল লিগে রেফারি হিসেবে যাত্রা শুরু করেন ডিপেরিঙ্ক। ঘরোয়া পর্যায়ে তিনি ৮৪টি ম্যাচ পরিচালনা করেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার পরিচিতি ছিল, বিশেষ করে ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেন।

