ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

কক্সবাজারে ট্রলারডুবিতে ৫ জনের মরদেহ উদ্ধার

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১০:১২ পিএম
ছবি : সংগৃহীত

বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাছ ধরার ট্রলার ডুবিতে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রলারে থাকা আরও সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়ার মগনামা ইউনিয়নের কাগপাড়ার নাছির উদ্দীন (২১), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০), কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামের ফিশিং ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে সাগর উত্তাল থাকায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম বলেন, ট্রলারডুবির পর সাতজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালান। বিকেলে ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্ত করা হয়েছে।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, সোমবার ভোরে ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এসময় ৭ জেলে নানাভাবে জীবিত উদ্ধার হলেও ৫ জেলে নিখোঁজ ছিল। পরবর্তীতে সন্ধ্যায় তাদের মরদেহ ওই ট্রলার থেকে উদ্ধার করা হয়।