ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বন্যাকবলিত চট্টগ্রাম-সিলেটে বিমান বাহিনীর মানবিক সহায়তা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১০:১০ পিএম
ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল ও সিলেটের বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নির্দেশনায় সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাতকানিয়া উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বন্যাদুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিমান বাহিনী স্টেশন শমশেরনগর থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাকবলিত পরিবারগুলোর মাঝেও শুকনো ও রান্না করা খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বিমান বাহিনী জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজন হলে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর রেসকিউ টিম ও হেলিকপ্টার সর্বদা প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিমান বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সক্রিয় রয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে, দেশের জনগণের জানমাল রক্ষা এবং দুর্যোগ মোকাবেলায় অতীতের মতো ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।