ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ (DS-160) আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সঠিক ও হালনাগাদভাবে উল্লেখ করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

সোমবার (১৩ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ডিএস-১৬০ ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ইউজারনেম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদন জমা দেওয়ার মাধ্যমে আবেদনকারী ফরমে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য বলে প্রত্যয়ন করেন।

বার্তায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা ভুল তথ্য প্রদান করলে শুধু ভিসা আবেদন প্রত্যাখ্যাতই হতে পারে না, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্যতা তৈরি হতে পারে।

এ কারণে আবেদনপত্র পূরণের সময় সব তথ্য ভালোভাবে যাচাই করে সঠিকভাবে দেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।