ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির পরামর্শ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৮:০১ পিএম
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক পৌরসভার টেকসই, আধুনিক ও পরিকল্পিত নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর উদ্যোগে পৌরসভার মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়ন বিষয়ক প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে ছাতক পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন। তিনি দুই দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহায়তায় প্রায় এক বছর ধরে বিভিন্ন পর্যায়ের জরিপ ও তথ্য সংগ্রহের ভিত্তিতে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পরিকল্পনাটি প্রণয়নের আগে স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী, নাগরিক সমাজ ও বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণের লক্ষ্যে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।

সভায় প্রকল্প পরিচালক (পিডি) ইমতিয়াজ আহমেদ, পিডিআরসি’র প্রধান নির্বাহী মো. সারোয়ার হোসেন অপু, আইইউজিআইপি’র সিনিয়র কনসালট্যান্ট আফসানা এম. কামাল, জিআইএস বিশেষজ্ঞ জুলকারনাইন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালেক এবং উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।

মতবিনিময় পর্বে অংশ নিয়ে আইনজীবী অ্যাডভোকেট পিযুষ ভট্টাচার্য, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, রাজনীতিবিদ আফসার উদ্দিন, আবু হুরায়রা ছুরত, রবীন্দ্র কুমার দাস, সামসুর রহমান বাবুল, সাংবাদিক আব্দুল আলিম, শিক্ষক মাহবুবুর রহমান, মানিক মিয়া লিটুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা ছাতক পৌরসভার অবকাঠামো উন্নয়ন, সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।

কর্মশালায় শিক্ষক, প্রকৌশলী, টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি) সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকরা জানান, অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রণীত মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ছাতক পৌরসভাকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে।