নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো. বাদল মোল্যা (১৪) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি ইদ্রিস আলী।
মো. বাদল মোল্যা কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের মিঠু মোল্যার একমাত্র ছেলে এবং স্থানীয় পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. বাদল মোল্যা নামে ওই স্কুলছাত্র মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তার পরিবারের সদস্যদের বলে। তবে তার পরিবার মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানায়। মঙ্গলবার বিকেলে বাদল বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলা করে এক পর্যায়ে বাড়িতে গিয়ে নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে তার ঘরে গেলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে তাকে নামিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, বাদল আর বেঁচে নেই। কালিয়া থানা পুলিশ খবর পেয়ে ওই দিন রাতে মরদেহটি হেফাজতে নেয়।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


