ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি নিখোঁজ শিশুর সন্ধান

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে দুই শিশু নিখোঁজের ঘটনায় এখনো আতঙ্ক ও শোকের ছায়া বিরাজ করছে। নিখোঁজের ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশু আরিয়ার (৭) কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) সকালে মহিষখোলা গ্রামে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু আরিয়া ও একই গ্রামের শিশু রাফিয়া (৬)। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন।

একপর্যায়ে বিকেল ৩টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাদবপুর এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে শিশু রাফিয়ার মরদেহ উদ্ধার করেন।

নিখোঁজ আরিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামের আব্দুল্লাহ শেখের মেয়ে। নিহত রাফিয়া একই গ্রামের মো. এনায়েত শেখের মেয়ে।

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. শামসুজ্জামান জানান, রবিবার সকাল ৭টা থেকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে দিনভর চেষ্টা চালালেও শিশু আরিয়ার সন্ধান পাওয়া যায়নি।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সাময়িকভাবে সমাপ্ত করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিখোঁজ শিশুর সন্ধানে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।