নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নির্বাচনি জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই) বলেন, আমরা রাজনীতি করি ইবাদত মনে করে। ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার লোভ আমাদের নেই। দেশে দুর্নীতি, খুন, গুম ও অরাজকতা চরম আকার ধারণ করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কাঁচপুর বালুমাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে শরিয়াহ আইন বাস্তবায়িত হলে বাংলার জনগণ প্রকৃত শান্তিতে বসবাস করতে পারবে। অন্যথায় দেশের মধ্যে অরাজকতা ও অস্থিরতা চলতেই থাকবে।
জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা দ্বীন ইসলাম এর সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ তার নির্বাচনি পরিকল্পনা ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং একটি আদর্শ সমাজ গঠনে হাতপাখা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহমাদ মুন্সি, যুগ্ম আহ্বায়ক মাওলানা সানাউল্লা নূরী, হাজি নুরুল আমিন খান, সমন্বয়কারী মাওলানা আবুল কালাম আজাদী, যুগ্ম সমন্বয়কারী মুহা. ইয়াসিন, সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহা. সোহেল প্রধান, যুগ্ম আহ্বায়ক হাজি বিল্লাল তালুকদার, সমন্বয়কারী মুহা. রিদোয়ান, যুগ্ম সমন্বয়কারী আব্দুল মজিদ প্রমুখ।

