ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাণিজ্য মেলায় হকারদের দৌরাত্ম্য-হাঁকডাকে অতিষ্ঠ ক্রেতা-দর্শনার্থী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ প্রান্তে এসে বাড়ছে বিশৃঙ্খলা। এক্সিবিশন হলের ভেতর ও আশপাশের এলাকায় কয়েকশ হকারের দৌরাত্ম্যে নষ্ট হচ্ছে মেলার স্বাভাবিক পরিবেশ। ঝালমুড়ি, চানাচুর, পান-সিগারেটসহ নানা পণ্যের লাগাতার হাঁকডাকে অতিষ্ঠ হয়ে পড়ছেন ক্রেতা ও দর্শনার্থীরা। কোথাও কোথাও খোলা আকাশের নিচে গড়ে উঠেছে ভাতের হোটেলও।

এবারের মেলায় পলিথিন নিষিদ্ধ থাকলেও বাস্তবে দেদারছে ব্যবহার করা হচ্ছে। নিয়ম অনুযায়ী বাণিজ্য মেলায় হকার প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তবে বাস্তব চিত্র তার সম্পূর্ণ বিপরীত। মানহীন পণ্যের পসরা বসিয়ে কোথাও কোথাও একটি প্যাভিলিয়নের ভেতরেই ফুটপাতের মতো করে ১০ থেকে ১২টি দোকান ভাড়া দেওয়া হচ্ছে। এসব অনিয়ম ঘটছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) চোখের সামনেই। তবে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না কর্তৃপক্ষকে। যদিও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন মাঝেমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে হকার উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে।

হকারদের অভিযোগ, ভোরবেলায় গেট দিয়ে মালামাল ঢোকাতে হলে টাকা দিতে হয়। গেটে দায়িত্বে থাকা লোকজনই এই সুযোগ করে দেয় বলে দাবি তাদের। এ বিষয়ে গেট রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে থাকা ইজারাদার প্রতিষ্ঠান দিপন গ্রুপের অপারেশন ম্যানেজার আমিনুল ইসলাম হৃদয় জানান, সকাল ৯টার আগে গেটের দায়িত্ব তাদের হাতে থাকে না। সে সময় গেটের দায়িত্ব ইপিবির কাছে থাকে।

এদিকে অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে চাইলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব তরফদার সোহেল আহমেদ কথা বলতে রাজি হননি।

মেলায় পণ্যের মান নিয়েও উঠেছে গুরুতর অভিযোগ। শাল, থ্রিপিস ও তাঁতের শাড়ি ভারতীয়, পাকিস্তানি কিংবা কাশ্মীরি বলে বিক্রি করা হলেও বাস্তবে এসব পণ্যের বড় একটি অংশই এসেছে নরসিংদীর বাবুর হাট, গাউছিয়া ও ইসলামপুর থেকে। অভিযোগ রয়েছে, অনেক দেশীয় স্টলে রপ্তানিযোগ্য মানের পণ্যের কোনো অস্তিত্ব নেই।

ক্রেতারা বলছেন, আন্তর্জাতিক মেলায় এসে তারা সাধারণ ফুটপাতের বাজারের মতো পরিবেশ দেখছেন। দাম তুলনামূলক বেশি হলেও পণ্যের মান অত্যন্ত নিম্নমানের। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, স্টলের ভাড়া অত্যধিক হওয়ায় ছাড় দিতে গিয়ে তাদেরও লোকসান গুনতে হচ্ছে।

উত্তরা থেকে ঘুরতে আসা দর্শনার্থী আমিনুল ইসলাম বলেন, মেলায় এসে তিনি গুলিস্তানের মতো হাঁকডাক ও ডাকাডাকির পরিবেশ দেখেছেন, যা একজন দর্শনার্থী হিসেবে তাকে বিব্রত করেছে। গাজীপুর থেকে ঘুরতে আসা দর্শনার্থী হাকিম জানান, আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিবেশের সঙ্গে এমন বিশৃঙ্খলা ও হাঁকডাক কোনোভাবেই মানানসই নয়।

বিদেশি ক্রেতার উপস্থিতি, বিদেশি স্টলের সংখ্যা এবং সার্বিক ব্যবসা পরিবেশ নিয়েও হতাশ দর্শনার্থী ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ছাড়ের নামে চলছে প্রতারণা, আর নিম্নমানের পণ্যে ভরে গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

প্রশ্ন উঠছে, হকারদের দৌরাত্ম্য, মানহীন পণ্য ও নানা অনিয়মের এই চিত্রে আদৌ কি আন্তর্জাতিক মান ধরে রাখতে পারছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা?