নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, মীরজাফরদের ঠাঁই বিএনপিতে হবে না।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে যারা দলীয় মনোনীত প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন, তাদের চিহ্নিত করে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য হাই কমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
আজহারুল ইসলাম মান্নান বলেন, যারা এ ধরনের দ্বিমুখী আচরণ করছে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক হতে পারে না। তাদের পরিচয় একটাই—তারা মীরজাফর। সাধারণ মানুষ তাদের আস্থা কুড়ে নিক্ষেপ করবে।
তিনি বলেন, কিছু নেতাকর্মী দিনে ধানের শীষের পক্ষে কাজ করার ভান করলেও রাতের অন্ধকারে অন্য প্রার্থীদের হয়ে কাজ করছেন। তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে। সময় থাকতে সাবধান হয়ে যান, নইলে আপনাদের পতন অনিবার্য।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। ধানের শীষের বিজয় মানেই এ দেশের নিপীড়িত মানুষের বিজয়। গত ১৭ বছর ধরে এ দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমরণ আন্দোলন–সংগ্রাম করে গেছেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সদস্য শহিদুল ইসলাম, সদস্য জুয়েল রানা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা তৈয়ব আল হোসাইন, জেলা বিএনপির সাবেক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন, জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক মাহবুব হোসেন, থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শিপন, মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সম্রাট আকবর, যুবদল নেতা মো. মাসুদ রানা খানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


