ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিরাপত্তা শঙ্কায় গানম্যান চাইছেন প্রার্থীরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:৫০ এএম
নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে প্রার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কয়েকজন প্রার্থী ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগ এবং লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনে ১১-দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিন ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান দেওয়ার আবেদন করেছেন। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে তাকে একজন পুলিশ কনস্টেবলের মাধ্যমে ‘শ্যাডো প্রটেকশন’ দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আবেদনটি যাচাই-বাছাই প্রক্রিয়াধীন এবং নিরাপত্তা বিবেচনায় সাময়িক সুরক্ষা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ জানুয়ারি ফতুল্লার কাশিপুর এলাকায় গণভোটের গণসংযোগ চলাকালে আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকেই তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে।

এদিকে, একই আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা মো. শাহ আলম তার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র নিজের সঙ্গে বহনের অনুমতি চেয়ে আবেদন করেছেন। পাশাপাশি নারায়ণগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সি থানায় জমা দেওয়া তার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র নিজ জিম্মায় ফেরত চেয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, শাহ আলম ও আতিকুর রহমান নান্নু মুন্সির আবেদন জেলা পুলিশের বিশেষ শাখা থেকে অনুমোদন পেয়েছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুবদল নেতা মো. দুলাল হোসেন নতুন আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত প্রতিবেদন জেলা পুলিশের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পাঠানো হয়েছে।

নির্বাচন ঘিরে সম্ভাব্য সহিংসতা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে পুলিশ।