ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রূপগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মোঃ রাকিবুল ইসলাম, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:৫৬ পিএম
ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ১২৯টি কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয়। শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ে। কোথাও দীর্ঘ লাইন, আবার কিছু কেন্দ্রে তুলনামূলক কম ভিড় দেখা গেছে।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশই স্বতঃস্ফূর্তভাবে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। প্রথমবারের মতো ভোট দিতে এসে অনেক তরুণ-তরুণীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

তারা জানান, নিজেদের ভোট নিজেরা দিতে পারায় তারা সন্তুষ্ট।

৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৩০০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৮৫ জন, নারী ২ লাখ ২১২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। মোট ১২৯টি কেন্দ্রের মধ্যে ৩২টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছেন ৩০০ জন পুলিশ, ১ হাজার ৭০০ আনসার, ৩ প্লাটুন বিজিবি, র‍্যাবের একাধিক স্ট্রাইকিং ফোর্স এবং সেনাবাহিনীর টহল টিম। আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে দায়িত্ব পালন করছেন ৭ জন চিফ জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ আসনে প্রথমে ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও পরে ২ জন প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ান। বর্তমানে বিএনপির মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জামায়াতের আনোয়ার হোসেন মোল্লাসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।