নারায়ণগঞ্জের বন্দরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. দুলাল (৬০) ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
নিহতের ছেলে ওসমান গনি জানান, বাড়ির সীমানা প্রাচীর বেয়ে পাশের বাড়ির সাজিত এসে তাকে পিঠে থাপ্পড় দেয়। পরে সেও দুষ্টামি করে থাপ্পড় দিলে সাজিত বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর সাজিতের পরিবারের লোকজন এসে ওসমান গনিকে মারধর করে।
এ সময় ছেলেকে বাঁচাতে গেলে দুলালকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে চলে যান ওই ব্যক্তিরা।
পরে আহত দুলালকে উদ্ধার করে প্রথমে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে দুলাল আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


