নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব (লোহা তোলার যন্ত্রাংশ) পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (১ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার নওখাদা এলাকার রতন মিয়ার ছেলে আলামিন (৩২) এবং একই উপজেলার নাদোর শহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গানগর এলাকায় ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের একটি ঘাট রয়েছে, যার মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ি।
রোববার সন্ধ্যায় একটি জাহাজ থেকে গম আনলোডের সময় ক্রেন চালক আমিনুল ইসলাম ক্রেন পরিচালনা করছিলেন। তখন ক্রেনের নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হন।
গুরুতর আহত অবস্থায় আমিন মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মিশু নামে আরও একজন শ্রমিক আহত হয়েছেন।
ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক ঘটনার সত্যতা নিম্চিত করে বলেন, ক্রেনের গ্র্যাব পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
রূপগঞ্জ থানার এসআই সাদেকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে জানতে পেরেছে যে ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


