ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদযাত্রায় মেঘনা সেতুতে একদিনে টোল আদায় ১ কোটি ৩৬ লাখ টাকা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে মহাসড়কে। টানা ৭ দিনের ছুটিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই রাজধানী ছেড়ে গ্রামের পথে ছুটছেন হাজারো মানুষ। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো যানজটের খবর পাওয়া যায়নি। এতে স্বস্তিতে যাত্রা করছেন ঈদে ঘরে ফেরা যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মহাসড়কের গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট- মেঘনা সেতুর টোল প্লাজা দিয়ে মোট ৫২ হাজার ৮৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৬৩৯ টাকা, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, ‘ঈদকে ঘিরে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।’

অন্যদিকে, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিষ্ণুপদ শর্মা বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাঁচপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত এলাকায় ১২৪ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

এছাড়া সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, ‘মহাসড়কে ছিনতাই, ডাকাতি ও যানজট প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলও কাজ করছে। যৌথ উদ্যোগের ফলে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন।’

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতের তুলনায় এবার মহাসড়কের ব্যবস্থাপনা উন্নত হওয়ায় যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদের আগের দিনগুলোতেও একই ধারা অব্যাহত থাকলে এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও নিরাপদ।