ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বন্ধ পাটকল চালুর প্রক্রিয়া শুরু, মসলিন ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৩:২৩ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকাই মসলিন হাউজ ও জামদানি ভিলেজ পরিদর্শন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকাই মসলিন হাউজ ও জামদানি ভিলেজ পরিদর্শনকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম জানিয়েছেন, বন্ধ পাটকলগুলো পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, এটি সরকারের নির্বাচনি ইশতেহারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার তারাব এলাকায় বাংলাদেশ তাঁত বোর্ড পরিচালিত প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মসলিন বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের অন্যতম প্রতীক। এই ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার গবেষণা কার্যক্রম জোরদার করেছে। এ লক্ষ্যে বিদেশ থেকেও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নমুনার ডিএনএ পরীক্ষা করে মসলিনের প্রকৃত বৈশিষ্ট্য নির্ধারণের কাজ চলছে। মসলিন সংরক্ষণ, উন্নয়ন এবং বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জামদানি ভিলেজ প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকার গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনে প্রকল্পের মেয়াদ বাড়ানো হতে পারে। ইতোমধ্যে মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় ছয়তলা ও তিনতলা দুটি ভবন নির্মাণ করা হবে এবং দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। চলতি অর্থবছরের মধ্যেই মসলিন প্রযুক্তি আগ্রহীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

বন্ধ পাটকল চালুর বিষয়ে তিনি আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে এগুলো চালু করা হবে।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।