ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৭:৪১ পিএম
মৃত দুই ভাই। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলার সময় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কাঁচপুরের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত দুই শিশু কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা সোনারগাঁয়ের রায়েরটেক খান বাড়ি এলাকায় নিজাম খানের বাসায় ভাড়া থাকত এবং দুজনই মাদ্রাসার ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই পুকুরপাড়ে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে তারা পানিতে নামে। কিছুক্ষণ পর তাদের আর দেখা না গেলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

পরে এক নারীর কান্নাকাটি শুনে আশপাশের লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে গ্রামবাসী পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।