নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনে রিজার্ভ ট্যাংকের ভেতরে কাজ করার সময় 'শ্বাসরুদ্ধ' হয়ে দুজন শ্রমিক মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেদুয়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শ্রমিকরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে মো. রানা (২২)। তারা পরিবার নিয়ে ভোলাইল এলাকাতে ভাড়া বাসায় থাকতেন। দেলোয়ার পেশায় একজন রাজমিস্ত্রী এবং রানা পোশাক কারখানায় কাজ করতেন। ছুটির দিন হওয়াতে দেলোয়ারের সঙ্গে রাজমিস্ত্রীর কাজে এসেছিলেন রানা। কয়েকমাস আগে রানা বিয়ে করেন বলে পরিবারের সদস্যদের বরাতে জানায় পুলিশ।
ফতুল্লা থানার ওসি মাহবুব আলম বলেন, স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পানি ধারণের জন্য তৈরি ট্যাংকের ভেতর (রিজার্ভ ট্যাংক) ঢুকে অচেতন হয়ে পড়েন ওই দুই ব্যক্তি। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠায়। সেখানে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, নির্মাণাধীন ভবনের দোতলার শাটারিং-এর কাজ চলছিল। পানির ট্যাংকের ভেতর থেকে কাঠ আনতে নামেন রানা। পরে সেখানে তিনি অচেতন হয়ে পড়লে তুলতে যান দেলোয়ার। তিনিও অচেতন হয়ে পড়লে আমাদের তলব করা হয়।
তিনি আরও বলেন, ট্যাংকের কাজ পুরোপুরি শেষ হয়নি। এসব ট্যাংকের ভেতরে অক্সিজেন কম থাকে এবং পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে। ধারণা করছি, অক্সিজেনের কমতির কারণেই তারা অচেতন হয়ে পড়েন।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। প্রাথমিক পর্যবেক্ষণে তারা অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন